চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ॥ ২ জেলের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

আইন অমান্য করে চাঁদপুরের অভয়াশ্রম এলাকায় ইলিশ শিকার করায় আটক দুই জেলেকে ১৪ দিন করে কারাদণ্ড ও ২৫০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ৩ হাজার মিটার কারেন্টজাল ও ৩ কেজি ইলিশ জব্দ করা হয়।
শুক্রবার দুপুরে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী এবং মো. রহমত উল্লাহ। অভিযানের এসব তথ্য জানান সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

তিনি বলেন, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক এবং কোস্টগার্ডের সহযোগিতায় শুক্রবার ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত মেঘনা নদীর মোহনা, আনন্দবাজার, দাসাদী, লালপুর, আমিরাবাদ ও হরিনা-সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় হরিনা এলাকা থেকে মো.মিজান (২৭) ও মো. মাছুদ মাঝি, (৩৫) নামের দুই জেলেকে আটক করা হয়। পরে তাঁদের পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, জব্দ করা ৩ হাজার মিটার কারেন্টজাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। আর জব্দ করা ৩ কেজি ইলিশ মাছ দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।