মতলব উত্তরে মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ চারজনকে আটক করা হয়েছে। এ ছাড়া আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ও সাজা পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে এ অভিযানে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

১৬ অক্টোবর (শুক্রবার) চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়ার সরাসরি তত্ত্বাবধানে থানার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান ও গ্রেপ্তারি পরোয়ানা তামিল কার্যক্রম চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানে চারজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের বাহেরচর পাঁচআনি গ্রামের মো. শুক্কুর আলী (৩৮) এবং মোহনপুর ইউনিয়নের আইঠাদি গ্রামের মো. মহিউদ্দিনের (৪০) কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া উত্তর হলদিয়া এলাকার মো. শাকিল বেপারী ওরফে কালু, (২৭) এবং আমিনপুর এলাকার মো. ফারুক হোসেন স্বপনের (৫১) কাছ থেকে ১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই অভিযানে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে একজন নারী আসামি রয়েছেন।

মতলব উত্তর থানা পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং এলাকাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।