স্টাফ রিপোর্টার
চাঁদপুরের হাজীগঞ্জে চুরি হওয়া একটি পিকআপ উদ্ধারসহ মো. আনোয়ার হোসেন প্রকাশ ভাসানী (৩৪) নামে এক চোরকে গ্রেপ্তার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (২১ অক্টোবর) রাতে নোয়াখালী জেলার সুধারাম থানাধীন দত্তের হাট এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন নোয়াখালীর কবিরহাট উপজেলার উত্তর জগদানন্দ গ্রামের আমিন উল্যাহর ছেলে।
পুলিশ জানায়, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া সার্বিক তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) নূরে আলম সঙ্গীয় ফোর্সসহ ২১ অক্টোবর রাত ১১টা ৪৫ মিনিটে নোয়াখালীর দত্তের হাট এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পেনাল কোডের ৩৭৯ ধারায় রুজু হওয়া মামলার (মামলা নং-৩৬/২৯৫, তারিখ: ২১/১০/২০২৬) আসামি আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি পিকআপ চুরির ঘটনার সাথে নিজের জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাদীর চুরি যাওয়া পিকআপটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
এ বিষয়ে হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানায়, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


