চাঁদপুরে ইসলামী আন্দোলন পরিচিতি সভা 

প্রেস বিজ্ঞপ্তি:

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি জননেতা শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, দেশ আজ চতুর্মুখী সংকটে নিপতিত। প্রতিবেশী রাষ্ট্র ভারত বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট করার লক্ষ্যে এ দেশের হিন্দু সম্প্রদায় নিয়ে মিথ্যা বানোয়াট তথ্য পরিবেশন করে যাচ্ছে। অথচ এদেশের হিন্দু সম্প্রদায় মায়ের কোলের মত নিরাপদে বসবাস করছে এবং তাদের ধর্মীয় উৎসব পালন করে যাচ্ছে। শুধু তাই নয় ধর্মীয় উৎসবে তারা রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা পাচ্ছে। দেশের সাধারণ নাগরিক সহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনিক সর্বোচ্চ নিরাপত্তা তাদেরকে দেয়া হচ্ছে।

এদিকে ৫ আগস্টের পরে একটি সুন্দর নিরাপদ সমাজ বিনির্মাণে আমরা আওয়ামী ফ্যাসিস্ট বিরোধী সকল শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা ছিল তা না করে ব্যক্তি ও রাজনৈতিক স্বার্থ হাসিলে আমরা মরিয়া হয়ে উঠেছি। ঐ সমস্ত চিহ্নিত স্বার্থান্বেষী মহল দেশকে অদৃশ্যভাবে গিলে খাচ্ছে। দেশকে পুনরায় চাঁদাবাজি, সন্ত্রাস, মাদকসহ সকল অন্যায় অপরাধের স্বর্গরাজ্যে পরিণত করছে। এটা অত্যন্ত দুঃখজনক কারণ ছাত্র-জনতার অসংখ্য জীবন ও রক্তের বিনিময়ে দেশকে স্বৈরাচারমুক্ত করা হলো আর সে রক্তের দাগ না শুকাতেই আবার নতুন ফ্যাসিস্ট চরিত্র সমাজে প্রকাশিত হবে এটা মেনে নেওয়া যায় না। যারা আমরা এ দেশকে ভালবাসি, দেশের মানুষকে ভালোবাসি, স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে চাই এখন আমাদেরকে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, এই সমাজে পুনরায় যাতে ভিনদেশী দালাল এবং কোন ফ্যাসিস্ট রাষ্ট্র শাসক তৈরি না হয় সেদিকে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ফ্যাসিস্ট তৈরি হওয়ার সকল পথগুলো বন্ধ করতেই আমরা নির্বাচনের গতানুগতিক পদ্ধতির সংস্কার চেয়েছি। সংখ্যানুপাতিক হারে নির্বাচন পদ্ধতির ব্যবস্থা করলে স্থানীয়ভাবে সকল পেশীশক্তি ও কালো টাকার পথ বন্ধ হবে এবং সকল ভোটের মূল্যায়ন হবে। সকল দলের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত সংসদ তৈরি হবে যেখানে সকলের কথা বলার অধিকার থাকবে দেশ গঠনে সকলের ভূমিকার সমন্বয়ে দেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করা সম্ভব হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৫ নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ ওমর ফারুক খান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন সেক্রেটারী মোঃ শরীফ মৃধা, মাহবুব ইমরান মাসুম, মডার্ণ শিশু একাডেমীর অধ্যক্ষ ওমর ফারুক সহ ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।