মো. মাসুদ রানা:
অস্ট্রেলিয়া শাখা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মোঃ হাবিবুর রহমান বলেছেন, “একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। পাশাপাশি আধুনিক ও উন্নত বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরাই হবে অগ্রণী শক্তি।”
বুধবার সকালে চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর বেগম আয়েশা বাওয়ানী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান বলেন, “একটা সুন্দর জীবন গড়তে হলে অবশ্যই শৃঙ্খলা বা ডিসিপ্লিন মেনে চলতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলার বিকল্প নেই। তা না হলে জীবনের মাঝপথে হারিয়ে যেতে পারে ভবিষ্যৎ। তাই তোমাদের সুন্দর ভবিষ্যৎ নির্মাণে আমি পাশে থাকতে চাই। আজকের এই শিক্ষা উপকরণ আমার পক্ষ থেকে একটি সামান্য উপহার।”
একই দিনে তিনি রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তোলার সবচেয়ে বড় দায়িত্ব শিক্ষকদের। তিনি আরও বলেন, “শিক্ষার্থীদেরকে বিভিন্ন অপরাধপ্রবণতা ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে শিক্ষক ও অভিভাবকদের একসাথে কাজ করতে হবে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে মাদক নির্মূল, দারিদ্র্য বিমোচন এবং শিক্ষাক্ষেত্রে আমূল সংস্কারের মাধ্যমে একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলার পদক্ষেপ নেবে।”
মতবিনিময় সভায় তিনি শিক্ষকদের উদ্দেশে আরও বলেন, শিক্ষার্থীদের সঠিক পথে গড়ে তোলার জন্য শিক্ষক-অভিভাবক-সমাজের সমন্বিত ভূমিকা অপরিহার্য। ভবিষ্যৎ প্রজন্মকেই দক্ষ মানবসম্পদ ও জাতির কারিগর হিসেবে তৈরি করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রহিমানগর বেগম আয়েশা বাওয়ানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন পাটোয়ারী, সহকারী প্রধান শিক্ষক দেবাশীষ চন্দ্র ভৌমিক, রহিমানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহসিন, বিএনপি নেতা আবুল খায়ের, জাহাঙ্গীর আলমসহ অন্যান্য শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান শিক্ষার্থীদের হাতে খাতা, কলম, ডায়েরিসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।


