আজ হাসান আলী মাঠে ইসলামী আন্দোলনের গণসমাবেশ 

পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার ও খুনীদের দৃশ্যমান বিচারের দাবিতে  আজ ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় চাঁদপুর হাসান আলী হাইস্কুল মাঠের গণসমাবেশ সফল করার আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের সমাবেশ অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। তিনি আরও বলেন, দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে আগামিকালের সমাবেশে যোগ দিয়ে সফল করে তুলুন। আমরা ফ্যাসিবাদ ও স্বৈরাচারমুক্ত একটি দেশ গঠন করতে চাই। চব্বিশ পরবর্তী বাংলাদেশে নতুন করে আমরা কোনো চাঁদাবাজ ও দুর্নীতিবাজের হাতে ক্ষমতা দেখতে চাই না।
তিনি আরও বলেন, আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। সবকিছু ঠিক থাকলে এবং মহান রাব্বুল আলামিন কবুল করলে আগামীকালের সমাবেশ নতুন এক মাইলফলক সৃষ্টি করবে ইনশাআল্লাহ।
গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন সংগঠনের যুগ্ম-মহাসচিব ও  মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। এ ছাড়াও কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ এ সমাবেশে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
আজ বুধবার বিকাল ৩টায় গণসমাবেশ বাস্তবায়ক কমিটির এক সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
সংগঠনের জেলা সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা গাজী মুহাম্মদ হানিফ, মাওলানা নাসির উদ্দীন, মাওলানা নুরুদ্দীন খান, প্রিন্সিপাল এম এ মতিন প্রমুখ।