পশ্চিমবঙ্গে জয়ের পথে বিজেপি, তৃণমূলে ধস

কলকাতা প্রতিনিধি :

 

ভারতের পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচন প্রায় দেড় দশক পর ক্ষমতা থেকে সরে যাচ্ছেন মমতা। মাঠজরিপে ধারণা করা হচ্ছে এবার পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি। এ খবর পাওয়া পর্যন্ত  (বাংলাদেশ সময় সোমবার  রাত ৮টা) গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, বিজেপি এগিয়ে আছে ১৯৪ আসনে। আর ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ৯৪ আসনে এগিয়ে। অর্থাৎ বড় পরাজয়ের মুখে আছে তৃণমূল।

২৯৪ আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য কোনো দলের প্রয়োজন ১৪৮ আসনে জয়।

পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীসহ রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে বর্তমান মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা শেষ।  এ রাজ্যে বিজেপিই সরকার গঠন করতে যাচ্ছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ভাবেই হাল ছাড়ছে না। তিনি ভোট গননাস্থলে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

অপরদিকে রাজ্য বিজেপির নেতা–কর্মীরা বিজয় উদ্‌যাপন করছেন। জয়ের পথে থাকা বিজেপি সরকার গঠন করলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী, সে  নিয়েও শুরু হয়েছে আলোচনা।

এ নির্বাচনের আগে বিজেপির কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার জোর দিয়ে বলেছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন বাঙালিই হবেন।

বিজেপির মুখ্যমন্ত্রী কে হতে পারেন, এ প্রশ্নের উত্তরে সম্ভাব্য কয়েকজনের নাম উল্লেখ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। তাঁরা হলেন বর্তমান বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, রাজ্য বিজেপির সাবেক সভাপতি দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, সাবেক সাংবাদিক ও রাজ্যসভার সাবেক সাংসদ স্বপন দাশগুপ্ত প্রমুখ।

তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস