চাঁদপুরে ইপিজেড স্থাপনে সম্ভাব্যতা যাচাই কমিটি

স্টাফ রিপোর্টার :

 

গেল ১৬ মে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামেলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদপুরে একটি ইপিজেট করা হলে বলে প্রতিশ্রুতি দেন  প্রধানমন্ত্রী তারেক রহমান। তারই প্রেক্ষিতে চাঁদপুরে ইপিজেড (Export Processing Zone) স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। এ লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই ও উপযুক্ত স্থান নির্ধারণে একটি কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৮ মে ২০২৬) বেপজার প্রধান কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়, চাঁদপুর জেলার সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের অধীনস্থ মেঘনা নদী সংলগ্ন অথবা জেলার অন্য কোনো উপযুক্ত স্থানে ইপিজেড স্থাপনের সম্ভাবনা যাচাই-বাছাইয়ের জন্য ৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে বেপজার সদস্য (প্রকৌশল) কে। এছাড়া সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রকল্প পরিচালক, বেপজা অর্থনৈতিক অঞ্চল, মীরসরাই। কমিটিতে বেপজার বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সদস্য হিসেবে রয়েছেন।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, চাঁদপুরে নতুন ইপিজেড স্থাপনের বিষয়ে সামগ্রিক অর্থনৈতিক সম্ভাব্যতা (Economic Feasibility) ও স্থানীয় উপযোগিতা যাচাই করা হবে। একইসঙ্গে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা ও সরেজমিন পরিদর্শনের মাধ্যমে উপযুক্ত স্থান নির্ধারণ করে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে হবে।

এ উদ্যোগ বাস্তবায়িত হলে চাঁদপুরে শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. সলিম উল্ল্যাহ সেলিম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে পরিকল্পনা নিয়ে দেশ পরিচালনা শুরু করেছেন। এর ফলশ্রুতিতে সরকারের ৩মাস না যেতেই চাঁদপুর থেকে তিনি জাতীয় একটি কর্মসূচি উদ্বোধন করেছেন। তিনি চাঁদপুরবাসীর প্রতি আন্তরিক। তারপ্রতিও চাঁদপুর বাসীর কৃতজ্ঞতা। রিভারড্রাইভ, ষাটনল থেকে জালিয়ারচর পর্যন্ত এমন প্রকল্পের পরিকল্পনা চলছে। আশা করি এসব প্রকল্প প্রধানমন্ত্রী বাস্তবায়ন করে দিবেন।