ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় দুই সন্তানকে নিয়ে স্বামীর রেখে যাওয়া পৈত্রিক ভিটেবাড়িতে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বিউটি বেগম নামের এক অসহায় বিধবা নারী। পৈত্রিক সম্পত্তি থেকে উচ্ছেদ করতে তাঁর বড় ভাসুর, শাশুড়িসহ শ্বশুরবাড়ির লোকজন প্রতিনিয়ত নির্যাতন, হুমকি-ধমকি এবং সর্বশেষ ফসলি জমি ও বসতঘরের আঙিনায় আগুন ধরিয়ে দেওয়ার মতো নৃশংস ঘটনা ঘটিয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের খুরুমখালী গ্রামের শেখ বাড়িতে। এই ঘটনায় ভুক্তভোগী বিউটি বেগম বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মৃত সোহেল শেখের পৈত্রিক সূত্রে পাওয়া সম্পত্তির ওপর তাঁর স্ত্রী ও সন্তানরা বসবাস করলেও, শ্বশুরবাড়ির প্রভাবশালী সদস্যরা তাদের শান্তিতে থাকতে দিচ্ছে না। বিউটি বেগমের বসতঘরটিকে চারদিক থেকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। বাড়ি থেকে বিতাড়িত করার জন্য প্রতিনিয়ত তাঁর ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হচ্ছে।
ভুক্তভোগী বিউটি বেগম জানান, ২০১৯ সালে তাঁর স্বামী সোহেল শেখ মারা যান। স্বামীর মৃত্যুর পর থেকে তাঁর বড় ভাসুর বাহার উদ্দিন, ভাসুরের ছেলে শিশির, জা শিল্পী বেগম এবং শাশুড়ি কহিনুর বেগম মিলে তাঁর ও তাঁর সন্তানদের ওপর অমানবিক নির্যাতন শুরু করে। অভাব-অনটনের মাঝেও আত্মীয়-স্বজনদের সহযোগিতায় প্রায় লক্ষাধিক টাকা ব্যয় করে স্বামীর মালিকানাধীন কৃষি জমিতে বিভিন্ন জাতের ফসল ও গাছপালা রোপণ করেছিলেন তিনি। কিন্তু বিবাদীরা হিংসাত্মকভাবে সেই ফসলি গাছপালা কেটে ফেলে এবং তাতে আগুন ধরিয়ে দেয়। এখানেই শেষ নয়, বিউটি বেগমের বসতঘরের আঙিনায়ও আগুন ধরিয়ে দিয়ে পুরো পরিবারটিকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি।
অশ্রুসিক্ত চোখে বিউটি বেগম আরও বলেন, “তারা আমার ছেলেকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চাইলে তারা উল্টো আমাকে আইনের আশ্রয় না নিতে এবং বাড়াবাড়ি করলে সন্তানদেরসহ আমাকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দিচ্ছে। তারা স্পষ্ট জানিয়েছে, যেকোনো মূল্যে আমাদের এই বাড়ি থেকে উচ্ছেদ করবে।
স্বামীর মৃত্যুর পর গত ৭ বছর ধরে দুই সন্তানকে নিয়ে বেঁচে থাকার লড়াই করা এই অসহায় নারী এখন চরম জীবন ঝুঁকিতে দিন পার করছেন। এই বর্বর নির্যাতন ও উচ্ছেদের হাত থেকে বাঁচতে এবং নিজের ও সন্তানদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের জরুরি হস্তক্ষেপ ও কঠোর সহযোগিতা কামনা করেছেন বিউটি বেগম।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


