ভূমি অফিস কর্মকর্তার বিরুদ্ধে অবৈধভাবে গাছ কাটার অভিযোগ

স্টাফ রিপোর্টার

ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের বাসিন্দা ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মকর্তার বিরুদ্ধে প্রতিপক্ষের সৃজনকৃত গাছ কাটার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ওই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর মৌখিক অভিযোগ দেয়ার পর সুরাহা না পাওয়ায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) চাঁদপুর জেলা প্রশাসক বরাবর প্রতিকার চেয়ে অভিযোগ দায়ের করছে ভুক্তভোগী ওই ক্ষুদ্র ব্যবসায়ী।

জানা গেছে, উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত গুপ্টি পশ্চিম ইউনিয়নের হামছাপুর গ্রামের বাসিন্দা শাহাদাত হোসেন ওই ইউনিয়নের খাজুরিয়া বাজারের পূর্ব মাথায় স্থানীয় নুর নবীর পাশের জমি ক্রয় করেন। শাহাদাত হোসেন জমির দখল বুঝে নেয়ার দিন পাশের জমির মালিক নূর নবীকে জানাননি, তার অনুপস্থিতিতে সীমানা নির্ধারণ করেন। পরবর্তীতে শাহাদাত হোসেন নিজের জমির মালিকানা দখল নিতে গিয়ে নুর নবীর জমিতে সৃজনকৃত বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেন।

নূর নবী অভিযোগ করে বলেন, শাহাদাত হোসেন ভূমি অফিসে চাকুরি করার কারণে ক্ষমতার দাপট দেখিয়ে একদিকে তার অনুপস্থিতিতে জমির সীমানা দখল নিয়েছে, যা আমার সীমানায় এসে পড়েছে। অন্যদিকে আমার সীমানার মধ্যে থাকা সৃজনকৃত বেলজিয়াম গাছসহ বিভিন্ন প্রজাতির গাছগাছালি গত শনিবার কেটে বিনষ্ট করে। এসময় ক্ষমতার দম্ভ দেখিয়ে শাহাদাত হোসেন ডিসি, ইউএনও, এসিল্যান্ড তার লোক তাই, কোন কিছু করতে পারবে না বলে হুমকি দিয়ে যায়। আমি বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানকে মৌখিকভাবে জানিয়েছি। তারা কোন পদক্ষেপ নিতে না পারায় আমি ওই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে চাঁদপুর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করবো।

জমির মাপজরিপকারী সার্ভেয়ার বোরহান উদ্দিন মোল্লা জানান, শাহাদাত হোসেনের জমির মাপ জরিপের দিন নূর নবী উপস্থিত না থাকলেও তিনি যার কাছ থেকে জমি ক্রয় করেছেন তিনি উপস্থিত ছিলেন। আমি দাগ নকশা ধরে সঠিকভাবে জমির সীমানা দিয়েছি।

গুপ্টি পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল আহমেদ বলেন, নুর নবী আমার কাছে মৌখিক অভিযোগ জানিয়েছে। আমি তাকে লিখিত অভিযোগ দিতে বলেছি।

অভিযুক্ত শাহাদাত হোসেন অভিযোগের বিষয় বলেন, নুর নবী যেই স্থানের গাছ কাটা হয়েছে, তা আমার সীমানায় পড়েছে। মূলত তিনি আমার পূর্বে এই জমিটি ক্রয় করতে চেয়েছিলেন। তা না পেরে আমার সাথে বিরোধে জড়াচ্ছেন। তাছাড়া আমি নিজে জমি মাপ জরিপের দিনে থাকতে বলেছি, কিন্তু তিনি থাকবে না বলেছেন। যে গাছগুলো কাটার অভিযোগ তুলেছে, সেগুলো আমার জায়গাতে পড়েছে।