মতলব উত্তরে যুবক শিবুর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সুমন আহমেদ:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মিঠুরকান্দি গ্রামে শিবু মিয়াজী (৩২) নামে এক যুবকের ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (৫ জুন) সকালে মিঠুরকান্দি গ্রামের চৌরাস্তা মোড়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় দেড় শতাধিক নারী-পুরুষ অংশ নিয়ে হামলার ঘটনার তীব্র নিন্দা জানান এবং আসামিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তোলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন মামলার বাদী ও আহতের স্ত্রী সাগরীকা ইতি, শিবু মিয়াজীর মা সালেহা বেগম, সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন সরকার, অ্যাডভোকেট আল আমিন, সাইফুল ইসলাম, রাব্বি, তারেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, মিঠুরকান্দি গ্রামে সংঘটিত এই বর্বরোচিত হামলার ঘটনায় দায়ীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগবে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

আহত শিবু মিয়াজীর স্ত্রী ও মামলার বাদী সাগরীকা ইতি বলেন, “আমার স্বামীর ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

আহতের মা সালেহা বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন, “আমার ছেলের ওপর নৃশংস হামলা হয়েছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে দ্রুত বিচার দাবি করছি।

মামলা সূত্রে জানা গেছে, গত ২ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিঠুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের নতুন ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে । ওই সময় শিবু মিয়াজী স্থানীয় কয়েকজনের সঙ্গে ব্রিজের ওপর অবস্থান করছিলেন এবং তখনই তাঁর ওপর এই হামলা চালানো হয়। এ ঘটনায় তাঁর স্ত্রী সাগরীকা ইতি বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান বলেন, “মামলা রুজু হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।