স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে বালু তোলায় ব্যবহৃত ৩টি বাল্কহেড ড্রেজার জব্দ করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা যায়, হাইমচর সংলগ্ন মেঘনা নদীতে একটি চক্র নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিল। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেঘনা নদীর নির্দিষ্ট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বালু উত্তোলনের হাতেনাতে ৩ জনকে আটক করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। একই সাথে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৩টি ড্রেজার জব্দ করে হেফাজতে নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন, নদী ভাঙন রোধ এবং সরকারি সম্পদ রক্ষায় মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


