স্টাফ রিপোর্টার
হাজীগঞ্জে ঋণ গ্রহীতাদের মাঝে ঋণের পাশাপাশি বিনামূল্যে পরিবেশবান্ধব গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এমন ব্যতিক্রম উদ্যোগটি গ্রহণ করেছে হাজীগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিস লিসা। বুধবার (১৬ সেপ্টেম্বর) হাজীগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ে সমিতির সদস্যদের মাঝে ঋণ ও গাছের চারা বিতরণ করা হয়।
জানা যায়, উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের অধীনস্থ মকিমাবাদ সমবায় সমিতির ৭ জন সদস্যের মাঝে মোট ৩ লাখ ৯৭ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। ঋণ গ্রহণকারী প্রত্যেক সদস্যের হাতে পরিবেশবান্ধব গাছের চারা তুলে দেওয়া হয়।
ঋণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিস লিসা, মাঠ পরিদর্শক সালাউদ্দিনসহ সংশ্লিষ্টরা।
কৃষি খাতের উন্নয়ন ও সদস্যদের স্বাবলম্বী করার লক্ষ্যে এ ঋণ বিতরণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। এছাড়া কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়নে ট্রেডভিত্তিক প্রশিক্ষণও প্রদান করা হয়ে থাকে।


