স্টাফ রির্পোটার:
চাঁদপুরের ফরিদগঞ্জে বিয়ের মাত্র ছয় মাসের মাথায় ফাতেমা আক্তার (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত ৫ জুন (শুক্রবার) রাতে উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের পশ্চিম আলোনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ফাতেমা আক্তার পশ্চিম আলোনিয়া গ্রামের ব্যবসায়ী মো. স্বপনের মেয়ে এবং লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দেনায়েত গ্রামের কাতারপ্রবাসী মেহেরাজের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ফাতেমা কয়েকদিন আগে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। শুক্রবার রাতে পরিবারের সদস্যরা তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন । একপর্যায়ে বসতঘরের একটি কক্ষে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা । পরে খবর দেওয়া হলে পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় ।
নিহতের বাবা মো. স্বপন জানান, প্রায় ছয় মাস আগে কাতারপ্রবাসী মেহেরাজের সঙ্গে ফাতেমার বিয়ে হয়। ঈদের ছুটি কাটাতে সে বাবার বাড়িতে এসেছিল । হঠাৎ এই ঘটনায় পুরো পরিবার শোকাহত ও হতবাক । তবে ফাতেমার আত্মহত্যার প্রকৃত কারণ সম্পর্কে তারা কিছুই জানাতে পারেননি।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন ও মরদেহ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে । মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত চলছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


