ফরিদগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন ১৩জুন

স্টাফ রির্পেোটার:

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাংবাদিকদের অন্যতম শীর্ষ পেশাজীবী সংগঠন ‘ফরিদগঞ্জ প্রেসক্লাব’-এর ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ১৩ জুন (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে মূলত দুটি গুরুত্বপূর্ণ পদ সভাপতি ও সাধারণ সম্পাদক প্যানেলে ভোট গ্রহণের মাধ্যমে নতুন নেতৃত্ব বেছে নেবেন প্রেসক্লাবের সাধারণ সদস্যরা।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে সভাপতি পদে দু’জন সিনিয়র সাংবাদিক প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—দৈনিক যুগান্তর-এর ফরিদগঞ্জ প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী এবং মানবজমিন পত্রিকার ফরিদগঞ্জ প্রতিনিধি আবুহেনা মোস্তফা কামাল।

অন্যদিকে, সাধারণ সম্পাদক পদের জন্য লড়াই করছেন পাঁচজন প্রার্থী। তারা হলেন—আমাদের সময় পত্রিকার প্রতিনিধি আনিছুর রহমান সুজন, সময়ের আলো পত্রিকার প্রতিনিধি মো. ইকবাল, নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি শাকিল মুশফিক, আয়না টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি জাকির হোসেন সৈকত এবং চ্যানেল ওয়ান টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম ভূঁইয়া।

নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা তাদের প্রত্যয় ব্যক্ত করে বলেন, “পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখা, সাংবাদিকদের মর্যাদা ও স্বার্থ সংরক্ষণ এবং সমাজের ন্যায়-অন্যায়, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরাই হবে আমাদের মূল লক্ষ্য।” দেশ-বিদেশে অবস্থানরত ফরিদগঞ্জবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে অতীতের মতো ভবিষ্যতেও নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন প্রার্থীরা। তারা ফরিদগঞ্জ প্রেসক্লাবকে আরও কার্যকর ও জনমুখী সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানান।

এবারের নির্বাচনে সাধারণ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী দুই বছর (১৩ জুন ২০২৬ থেকে ১৩ জুন ২০২৮ পর্যন্ত) দায়িত্ব পালন করবেন।

আসন্ন এই নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের বর্তমান সভাপতি মামুনুর রশিদ পাঠান এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ। তাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আগামী ১৩ জুন ভোটগ্রহণ সম্পন্ন হবে। নতুন নেতৃত্বকে বরণ করে নিতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাঝে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।