কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। আজ সোমবার (৮ জুন) তিনি বিদ্যালয়টির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণে এই আকস্মিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা শিক্ষা অফিসার শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানোর ওপর বিশেষ জোর দেন। একই সাথে শিক্ষকদের যথাসময়ে স্কুলে আগমন ও ক্লাসে উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেন। শিক্ষক হাজিরা খাতায় আগমন ও প্রস্থানের সময় সঠিকভাবে লিপিবদ্ধ করার জন্য তিনি কঠোর নির্দেশনা প্রদান করেন।
পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিখন ঘাটতি দ্রুত পূরণ করার জন্য প্রয়োজনে বিশেষ ক্লাসের ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন জেলা শিক্ষা অফিসার। এছাড়া শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নে সহপাঠক্রমিক কার্যক্রম জোরদার করা এবং বিদ্যালয়ের ল্যাবরেটরি ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি।
সরকারি নির্দেশনা অমান্য করে বিদ্যালয়ে কোনো ধরনের নোট বা গাইড বই ব্যবহার না করার জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি কড়া নির্দেশ দেওয়া হয়। এর পাশাপাশি একটি স্বাস্থ্যকর ও সুন্দর শিক্ষার পরিবেশ বজায় রাখতে বিদ্যালয়ের পুরো ক্যাম্পাস এবং শৌচাগারসমূহ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন মোহাম্মদ রুহুল্লাহ।


