স্টাফ রির্পেোটার:
ভারতের পশ্চিমবঙ্গের রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কঠোর অবস্থানে যাচ্ছে রাজ্য সরকার। এখন থেকে যেখানে-সেখানে পানের পিক, থুতু, ময়লা বা প্লাস্টিক ফেললে মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই নতুন নিয়ম কঠোরভাবে কার্যকর করা হবে বলে জানিয়েছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী এবং পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল।
গত রবিবার (৭ জুন) উত্তরবঙ্গ সফরে শিলিগুড়ির পুর প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান পুরমন্ত্রী। অগ্নিমিত্রা পাল ক্ষোভ প্রকাশ করে বলেন, “শপিংমলে গেলে ভদ্র, কিন্তু রাস্তায় নামলে আমরা অভদ্র কেন? যেখানে-সেখানে ময়লা বা পানের পিক ফেলা যাবে না। রাস্তা নোংরা করলেই জরিমানা হবে।” এ সময় তিনি দৃশ্যদূষণ রোধেও কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
নাগরিকদের অভ্যাস বদলানো এবং সচেতনতা বাড়ানোর জন্য পুর ও নগরোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে আগামী তিন মাস বিশেষ প্রচার চালানো হবে। তবে এই সময়সীমা পার হওয়ার পর, অর্থাৎ ১ সেপ্টেম্বর থেকে নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী আর্থিক জরিমানা আদায় করা হবে। বর্তমান আইন অনুযায়ী পশ্চিমবঙ্গে রাস্তায় থুতু ফেললে ৫০০ টাকা জরিমানার বিধান রয়েছে।
রাজ্যের শহরগুলোকে আবর্জনামুক্ত রাখতে গত শুক্রবার পুর ও নগরোন্নয়ন দপ্তর থেকে একটি ২৪ দফা নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে— কোনো পরিস্থিতিতেই শহরের বর্জ্য খোলা গাড়িতে বহন করা যাবে না, মন্দিরের ফুল যত্রতত্র ফেলা যাবে না এবং রাস্তা ও ফুটপাথ সম্পূর্ণ দখলমুক্ত করতে হবে।
রাজ্য পুর ও নগরোন্নয়ন দপ্তরের এই নতুন নির্দেশিকা পশ্চিমবঙ্গের আওতাধীন মোট ১১৯টি পুরসভা, ৭টি পুরনিগম এবং ২টি নোটিফায়েড এরিয়া অথরিটি এলাকায় একযোগে ও বাধ্যতামূলকভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।


