১০০ গ্রাম গাঁজা ও ১১ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রির্পোটার:

চাঁদপুরের কচুয়ায় পৃথক অভিযানে ১০০ গ্রাম গাঁজা ও ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কচুয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার (১০ জুলাই) আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশনা এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে পৃথক তিনটি অভিযান পরিচালিত হয়।

প্রথম অভিযানে বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটে পালাখাল ইউনিয়নের ভুইয়ারা এলাকায় রশিদের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে বাছাইয়া গ্রামের মো. লিটন (৩৫) ও সুফিয়ান (২৬)-কে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কচুয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

একই দিন রাত ১০টার দিকে ১নং সাচার ইউনিয়নের হাতিরবন্দ ঈদগাহ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মো. ইমন (২২)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে পৃথক মামলা রুজু করা হয়েছে।

এর এক ঘণ্টা পর রাত ১১টার দিকে সাচার ইউনিয়নের পোদ্দার বাড়ি এলাকায় অভিযান চালিয়ে মো. রাজিব (৩৫)-কে আটক করে পুলিশ। তার দেহ তল্লাশি করে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায়ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

কচুয়া থানা পুলিশ জানায়, গ্রেপ্তার চার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শুক্রবার (১০ জুলাই) তাদের কঠোর পুলিশি নিরাপত্তায় চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।