স্টাফ রিপোর্টার:
সাহিত্যচর্চায় নতুন প্রজন্মকে উৎসাহিত করা এবং সৃজনশীল লেখালেখির মানোন্নয়নের লক্ষ্য নিয়ে সাহিত্য একাডেমি চাঁদপুরের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাহিত্যবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বিকেল ৩টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় জেলার কবি, লেখক, সাহিত্যপ্রেমী ও নবীন প্রশিক্ষণার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মিলনায়তন ছিল প্রাণচঞ্চল।
কর্মশালার আহ্বায়ক ও সাহিত্য একাডেমির নির্বাহী সদস্য মোরশেদা খানম বেবীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক কাদের পলাশ। কর্মশালার উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক ও সাহিত্য একাডেমির সভাপতি আহমেদ জিয়াউর রহমান। এ সময় অতিথি ও প্রশিক্ষকদের ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রশিক্ষণের প্রথম অধিবেশনে প্রধান প্রশিক্ষক হিসেবে দেশের প্রখ্যাত কথাসাহিত্যিক আনিসুল হক কথাসাহিত্য বিষয়ক বিস্তারিত আলোচনা করেন। তিনি বাংলা সাহিত্যের খ্যাতিমান কবি, সাহিত্যিক ও গল্পকারদের সৃষ্টিকর্মের বিভিন্ন দিক তুলে ধরে কথাসাহিত্যের ভাষা, নির্মাণশৈলী, চরিত্র বিন্যাস ও সৃজনশীল লেখালেখির নানা কৌশল নিয়ে আলোকপাত করেন। তাঁর প্রাণবন্ত উপস্থাপনা, অভিজ্ঞতাভিত্তিক আলোচনা এবং সহজ-সাবলীল বক্তব্য উপস্থিত প্রশিক্ষণার্থীদের গভীরভাবে মুগ্ধ করে।
দ্বিতীয় অধিবেশনে চাঁদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শরীফ মাহমুদ চিশতী কবিতা রচনার কৌশল, ভাষার সৌন্দর্য, ছন্দ, অলংকার ও কাব্যচর্চার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন। এরপর একই কলেজের সহযোগী অধ্যাপক মো. সাইদুজ্জামান প্রবন্ধ ও গবেষণার বিষয় নির্বাচন, তথ্য-উপাত্ত সংগ্রহ, গবেষণা পদ্ধতি এবং মানসম্মত প্রবন্ধ রচনার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন বিশিষ্ট গীতিকার কবির বকুল, আনিসুল হকের সহধর্মিণী মেরিনা ইয়াসমিন, প্রথম আলো বন্ধু সভা চাঁদপুর জেলা শাখার সভাপতি মাসুদ হাসান, সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন শিশু, সাহিত্য একাডেমির সদস্যবৃন্দ, জেলার বিভিন্ন পর্যায়ের কবি, লেখক, সাহিত্যপ্রেমী ও প্রশিক্ষণার্থীরা।
অনুষ্ঠানের সমাপনী পর্বে অংশগ্রহণকারী সকল প্রশিক্ষণার্থীর হাতে সনদ তুলে দেন অতিথিরা। এ সময় প্রশিক্ষণার্থীরা বলেন, সাহিত্যচর্চার এমন আয়োজন নিয়মিত হলে নতুন প্রজন্মের লেখকদের দক্ষতা, সৃজনশীলতা ও সাহিত্যবোধ আরও সমৃদ্ধ হবে।


