ব্যক্তিগত উদ্যোগে রাস্তা মেরামতে প্রশংসিত মাছুম বিল্লাহ

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের হাইমচর উপজেলার ৩ নম্বর আলগী দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যক্তিগত অর্থায়নে রাস্তা সংস্কার, জলাবদ্ধতা নিরসন এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও অরবিন্দ ফেব্রিক্সের মহাপরিচালক মো. মাছুম বিল্লাহ।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন সড়ক ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও পানি জমে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়। সরকারি উদ্যোগের অপেক্ষা না করে নিজস্ব অর্থায়নে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের উদ্যোগ নেন তিনি।

এরই অংশ হিসেবে আলগী বাজার থেকে তেলির মোড় পর্যন্ত সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হয়েছে। পাশাপাশি চরপোড়ামুখী গ্রামের কাঁচা রাস্তারও সংস্কার করা হয়েছে। এতে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের চলাচল অনেক সহজ হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

রাস্তা সংস্কারের পাশাপাশি বর্ষাকালে জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন স্থানে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এতে দীর্ঘদিনের জলাবদ্ধতা কমে এসে স্থানীয়দের ভোগান্তিও হ্রাস পেয়েছে।

সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও সক্রিয় ভূমিকা রাখছেন মাছুম বিল্লাহ। মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করতে চরভাঙ্গা, কৃষ্ণপুরসহ বিভিন্ন এলাকায় ফুটবল, ক্রিকেট ব্যাট, স্টাম্প, ভলিবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন তিনি। স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম গাজী বলেন, “মাছুম বিল্লাহ শুধু প্রতিশ্রুতি দেন না, বাস্তবে কাজ করেন। রাস্তা সংস্কার, পানি নিষ্কাশন ও সামাজিক উন্নয়নে তার উদ্যোগ আমাদের জন্য ইতিবাচক দৃষ্টান্ত।”

জানা গেছে, মো. মাছুম বিল্লাহ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নম্বর আলগী দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, খেলাধুলা এবং জনসম্পৃক্ত উন্নয়ন কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে একটি আধুনিক ও নাগরিকবান্ধব ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

স্থানীয় সচেতন মহলের মতে, ব্যক্তি উদ্যোগে জনসেবামূলক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।