স্টাফ রিপোর্টার:
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও সাংবাদিক রুহুল আমিন খাঁন স্বপনের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ যান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের সদস্য ইসমাইল তালুকদার খোকন।
সাংবাদিক রুহুল আমিন খাঁন স্বপন পিত্তথলী ও লিভারের জটিল সমস্যায় আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত রোববার সফল অস্ত্রোপচারের মাধ্যমে তার পিত্তথলীর জটিল সমস্যা অপসারণ করা হয়েছে।
বুধবার বিকেলে ইসমাইল তালুকদার খোকন হাসপাতালে গিয়ে অসুস্থ সাংবাদিকের শয্যাপাশে উপস্থিত হন। তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে স্বপনের সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে পরিবারের সদস্যদের ধৈর্য ও সাহস ধরে রাখার আহ্বান জানান।
এ সময় ইসমাইল তালুকদার খোকন বলেন, “সাংবাদিক রুহুল আমিন খাঁন স্বপন একজন নিবেদিতপ্রাণ ও সাহসী মানুষ। তার অসুস্থতার সংবাদে আমরা উদ্বিগ্ন। উন্নত চিকিৎসার মাধ্যমে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও পেশাগত দায়িত্বে ফিরবেন—এটাই আমাদের প্রত্যাশা।”
এ সময় তার সঙ্গে মহানগর যুবদল নেতা রাশেদুল ইসলাম ভূঁইয়াসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, সাংবাদিক রুহুল আমিন খাঁন স্বপনের দ্রুত আরোগ্য কামনায় তার পরিবারের পক্ষ থেকে ফরিদগঞ্জবাসীসহ দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।


