স্টাফ রিপোর্টার:
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক এবং চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে ১৫ জুলাই ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০-এর ১৮(১)(গ) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে এই দুই সংসদ সদস্যকে মনোনয়ন দিয়েছেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাঠানো পত্রের পরিপ্রেক্ষিতে এ মনোনয়ন প্রদান করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। একই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, এ মনোনয়নের মাধ্যমে নবগঠিত চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও নীতিনির্ধারণী কার্যক্রমে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ততা আরও জোরদার হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও কার্যক্রম পরিচালনায় এটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেছেন।


