স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে উপজেলার ধানুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহর সার্বিক নির্দেশনায় এসআই মোহাম্মদ হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্স নিয়ে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ধানুয়া এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে ধানুয়া গ্রামের বাসিন্দা মো. হাবিবুর রহমান খাঁন (৪৫)কে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান খাঁনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে ফরিদগঞ্জ থানা পুলিশ জানিয়েছে।


