স্টাফ রিপোর্টার:
চাঁদপুর সদর মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) রাতে চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে চাঁদপুর-হরিনা সড়কের গাজীর স্কুলসংলগ্ন শাহজাহান মুন্সির দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহম্মেদের তত্ত্বাবধানে এবং এএসআই (নিরস্ত্র) মো. শাহজাহানের নেতৃত্বে একটি দল রাত্রীকালীন মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মো. মনির হোসেন গাজী (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মনির হোসেন গাজী সদর উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তর ইচলী এলাকার ছয়াল বাড়ির বাসিন্দা। তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


