কচুয়ায় ১১ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের কচুয়া থানা পুলিশের পৃথক অভিযানে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) কচুয়া থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ১৬ জুলাই রাতে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের একপর্যায়ে এসআই (নিরস্ত্র) মৃদুল বড়ুয়া সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসভার কোয়া এলাকায় অভিযান চালিয়ে শিহাব বিন আব্দুল্লাহ (১৯) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কচুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে এসআই (নিরস্ত্র) মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান চালিয়ে পাড়াগাঁও এলাকা থেকে আব্দুল আওয়াল (৩৫) ও জসিম আলম (৪৫) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। এ সময় তাদের হেফাজত থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা রুজু করা হয়েছে।

গ্রেপ্তারকৃত তিন আসামিকে শুক্রবার (১৭ জুলাই) প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে বলে কচুয়া থানা পুলিশ জানিয়েছে।