চাঁদপুরে ‘গানে গানে জুলাই’ আয়োজন সোমবার

স্টাফ রিপোর্টার:

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও গণমানুষের সংগ্রামকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাঁদপুরে ‘গানে গানে জুলাই’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭ টায় জেলা শিল্পকলা একাডেমি, চাঁদপুর মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জেলা শিল্পকলা একাডেমি চাঁদপুর এবং জেলা প্রশাসন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ আয়োজন অনুষ্ঠিত হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, জুলাই কেবল একটি মাসের নাম নয়; এটি আত্মমর্যাদা, সাহস, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং গণআকাঙ্ক্ষার প্রতীক। সেই চেতনার প্রতি শ্রদ্ধা জানাতে এবং জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এই বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা দেশাত্মবোধক ও গণসংগীত পরিবেশন করবেন। পাশাপাশি জুলাইয়ের চেতনা, গণমানুষের অধিকার এবং জাতীয় ঐক্যের বার্তা তুলে ধরা হবে সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে।

আয়োজকরা জানান, জেলার সংস্কৃতিপ্রেমী মানুষকে অনুষ্ঠানে উপস্থিত থেকে এই আয়োজন উপভোগ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।