স্টাফ রির্পোটার:
কচুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬ কেজি গাঁজাসহ হানিফ মিয়া (৪৬) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৪ আগস্ট রাতে কচুয়া উপজেলার শ্রীরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়। এসময় তার সাথে থাকা একটি সিএনজি ও একটি টাচ মোবাইল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত হানিফ মিয়া কুমিল্লার সদর দক্ষিণ থানার গালিয়ারা ইউনিয়নের ফুলতলী (মধ্যপাড়া) গ্রামের মৃত আবুল কাশেম প্রকাশ কালা মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশ এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে এসআই মো. সাইফুল ইসলাম ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে শ্রীরামপুর সাকিনস্থ মমতাজ উদ্দিনের মুদি দোকানের সামনে সুবিদপুর থেকে শ্রীরামপুরগামী পাকা রাস্তার ওপর চেকপোস্ট বসিয়ে একটি সবুজ রঙের সিএনজি গতিরোধ করা হয়। পরবর্তীতে সিএনজির যাত্রী ও মাদক কারবারি হানিফ মিয়াকে তল্লাশি করে খাকি স্কচটেপ দিয়ে মোড়ানো ৮টি বান্ডেলে মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ২০ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি এবং একটি টেকনো (ঞঊঈঘঙ কঘ৩) টাচ মোবাইল সেট জব্দ করা হয়।
এ ব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল ইসলাম আকাশ বলেন, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে আসামিকে কঠোর পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়।


