স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় চকলেটের লোভ দেখিয়ে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্মাণাধীন একটি ভবনের কেয়ারটেকার সেলিম মজুমদার (৫৫)-এর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ এলাকায় আব্দুল হালিম মাস্টারের মেয়ের নির্মাণাধীন ছয়তলা ভবনের নিচতলার সিঁড়ির কক্ষে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত সেলিম মজুমদার একই এলাকার বাসিন্দা এবং নির্মাণাধীন ভবনটির কেয়ারটেকার। দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে শিশুটি তাকে ‘দাদা’ বলে ডাকত। অভিযোগ রয়েছে, তিনি প্রায়ই শিশুটিকে চকলেট ও বিভিন্ন খাবারের প্রলোভন দেখাতেন।
ঘটনার দিন শিশুটিকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে শিশুটিকে কান্নারত অবস্থায় বের হতে দেখে তার মা কারণ জানতে চাইলে শিশুটি অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে। পরে শিশুটিকে বাড়িতে নিয়ে তার শারীরিক অবস্থা পরীক্ষা করে যৌন নির্যাতনের আলামত দেখতে পান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে শিশুটিকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় অভিযুক্ত সেলিম মজুমদারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্ত চলছে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, “অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। চিকিৎসা প্রতিবেদন, আলামত ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


