স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের শাহরাস্তিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের অনুমোদন পাওয়ার পর প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় অংশ নিয়েই শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে জোবেদা মতিন গার্লস স্কুল অ্যান্ড কলেজ।
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া সব শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। প্রতিষ্ঠানের প্রথম এসএসসি পরীক্ষাতেই এমন সাফল্যে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।
প্রতিষ্ঠানের শিক্ষক উম্মে কুলসুম কুমু ও স্মৃতি রানী মজুমদার বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শ্রেণিকক্ষে মনোযোগ, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। প্রথম বছরেই শতভাগ পাসের ফলাফল ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।
প্রতিষ্ঠানের প্রিন্সিপাল বোরহান আলী বুলবুল বলেন, কুমিল্লা শিক্ষা বোর্ডের অনুমোদন পাওয়ার প্রথম বছরেই এসএসসি পরীক্ষায় শতভাগ পাসের ফলাফল অর্জন করায় আমরা আনন্দিত ও গর্বিত। এ অর্জন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও শিক্ষার মান আরও উন্নত করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।
এদিকে, প্রতিষ্ঠানের এমন সাফল্যে শিক্ষার্থী ও অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, এ ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে প্রতিষ্ঠানটি আরও ভালো ফলাফল অর্জন করবে এবং শাহরাস্তির শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সাফল্যের জন্য জোবেদা মতিন গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও ট্রাস্টের চেয়ারম্যান মিজান রহমান, কো-চেয়ারম্যান মুস্তাকুর রহমান এবং জোবেদা মতিন ট্রাস্টের ফাউন্ডার মেজবাউর রহমানসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।


