স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পুরাণ রামপুর আবদুর রব আলিম মাদ্রাসা পরিদর্শন করেছেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ।
মঙ্গলবার (১১ আগস্ট) মাদ্রাসা পরিদর্শনকালে তিনি ২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফল পর্যালোচনা করেন। পাশাপাশি ২০২৭ সালের দাখিল পরীক্ষার্থীদের প্রি-টেস্ট পরীক্ষার ফলাফল, শ্রেণিভিত্তিক শিক্ষার্থীদের উপস্থিতি এবং প্রতিষ্ঠানের সার্বিক একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন।
এ সময় জেলা শিক্ষা কর্মকর্তা শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, প্রাত্যহিক সমাবেশ নিয়মিত আয়োজন, সাপ্তাহিক জলসা বাস্তবায়ন এবং শিক্ষকদের যথাযথ প্রস্তুতি নিয়ে শ্রেণিকক্ষে পাঠদানের বিষয়ে গুরুত্বারোপ করেন।
তিনি শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল ডিভাইসের অপব্যবহার রোধে কাউন্সেলিং কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেন। একই সঙ্গে মাদ্রাসার বাথরুমসহ সার্বিক পরিচ্ছন্নতা নিয়মিত বজায় রাখার ওপর গুরুত্ব দেন।
পরিদর্শনকালে শিক্ষক ও শিক্ষার্থীদের একাডেমিক মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ।


