খাজুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও শিক্ষা কর্মকর্তার পরিদর্শন

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার খাজুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ।

বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মনির হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিপুল সংখ্যক অভিভাবক অংশগ্রহণ করেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলীসহ শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

সভায় জেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, অনুত্তীর্ণ শিক্ষার্থীকে পরবর্তী শ্রেণিতে প্রমোশন না দিয়ে দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা করতে হবে। এছাড়া এসএসসি পরীক্ষার ফলাফল উন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীদের শিক্ষকভিত্তিক দায়িত্ব বণ্টন করে প্রতি সপ্তাহে মূল্যায়ন সভা আয়োজনের পরামর্শ দেন।

তিনি আরও বলেন, নিয়মিত শ্রেণিভিত্তিক অভিভাবক সমাবেশ আয়োজন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়ন এবং প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ সফলভাবে সম্পন্ন করতে হবে।

এছাড়া ডিবেট ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তি ও উপস্থাপনা দক্ষতা বৃদ্ধি, প্রতিবছর বিদ্যালয়ের উদ্যোগে বিজ্ঞান মেলার আয়োজন, লাইব্রেরি সচল রাখা, সহপাঠক্রমিক কার্যক্রম জোরদার করা এবং বাল্যবিবাহ, মাদক ও ডিজিটাল ডিভাইসের অপব্যবহার রোধে সচেতনতামূলক কাউন্সেলিং পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে তিনি একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং একটি সুশৃঙ্খল, মানসম্মত ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।