স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের শাহরাস্তি মডেল থানার পাঁচ পুলিশ সদস্যকে মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান গত মঙ্গলবার (১২ আগস্ট ২০২৬) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেন।
বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন—উপপরিদর্শক (এসআই) আরিফ হোসাইন, সহকারী উপপরিদর্শক (এএসআই) শহিদুল্লাহ, কনস্টেবল শরিফ উদ্দিন, গাড়িচালক নজরুল ইসলাম ও কনস্টেবল ইসতিয়াক।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই শাহরাস্তি উপজেলার আয়নাতলী বাজারে মাদক ব্যবসায়ী মিজানুর রহমানকে স্থানীয়রা আটক করেন। এ সময় তার মোবাইল ফোনে পুলিশের সঙ্গে কথোপকথন ও অর্থ লেনদেনসহ বিভিন্ন তথ্য পাওয়া যায় বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়।
প্রাথমিক তদন্তে অভিযুক্ত পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।
এদিকে, মাদকের সঙ্গে পুলিশের যোগসাজশের অভিযোগ ওঠার পর গত ৩ আগস্ট এএসআই শহিদুল্লাহ এবং ৫ আগস্ট কনস্টেবল শরিফ উদ্দিনকে কুমিল্লায় বদলি করা হয় বলে জানা গেছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তে তারা চূড়ান্তভাবে অভিযুক্ত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


