চাঁদপুরে কোটি টাকার ভারতীয় কাপড় ও জিরা জব্দ ॥ আটক ১

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরে পুলিশের অভিযানে প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই কাপড় ও জিরা জব্দ করা হয়েছে। এ ঘটনায় হাবিব ব্যাপারী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, চাঁদপুরে এর আগে এত বড় পরিমাণের ভারতীয় অবৈধ পণ্য একসঙ্গে জব্দের ঘটনা ঘটেনি। এ ঘটনায় আটক হাবিব ব্যাপারী লক্ষ্মীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাশেম ব্যাপারীর ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩১ আগস্ট) চাঁদপুর মডেল থানার এসআই গাজী কালামের নেতৃত্বে পুলিশের একটি দল লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তিন তালগাছতলা এলাকায় অভিযান চালায়। এ সময় একটি বসতঘরের বক্স খাটের নিচে রাখা ভারতীয় বিভিন্ন ধরনের মূল্যবান কাপড় ও শাড়ির বস্তা উদ্ধার করা হয়। একই সঙ্গে ভারতীয় জিরার বস্তাও জব্দ করা হয়।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে হাবিব অবৈধভাবে ভারতীয় পণ্য এনে বাড়িতে মজুত করতেন। পরে সুযোগ বুঝে এসব পণ্য ঢাকার কাওরান বাজারে নিয়ে বিক্রি করতেন। স্থানীয়রা জানান, রাতের আঁধারে ভারত থেকে বিভিন্ন ধরনের কাপড় ও জিরা এনে বাড়িতে মজুত করা হতো। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে থানায় নিয়ে যায়।

পুলিশের প্রাথমিক ধারণা, জব্দ করা পণ্যের মূল্য প্রায় কোটি টাকারও বেশি। তবে জব্দ করা পণ্যের সঠিক মূল্য এখনো নির্ধারণ করা হয়নি।
পুলিশ জানায়, জব্দ করা পণ্যের বৈধ চালান ও রশিদ দেখাতে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় আটক হাবিব ব্যাপারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।