স্টাফ রিপোর্টার:
চাঁদপুর সদর শাহ্তলীর হামানকর্দ্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও ধর্মানুরাগী দুলাল কৃষ্ণ ঘোষ আর বেঁচে নেই। শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) রাত ১.৩০ মিনিটের কাছাকাছি সময়ে তিনি নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় রেফার করেন। পরবর্তীতে অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথে শনিবার (২৯ আগস্ট ২০২৬) ভোর সাড়ে ৫ টায় মেঘনা ব্রিজের কাছাকাছি পৌঁছালে দুলাল কৃষ্ণ ঘোষ মৃত্যুর কোলে ঢলে পড়ে পরলোকগমন করেন।
প্রয়াত শিক্ষক দুলাল কৃষ্ণ ঘোষ হামানকর্দ্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ে ৩৯ বছরের শিক্ষকতা শেষ করে ২০২২ সালে অবসর গ্রহন করেন। শিক্ষক জীবন থেকে অবসর নেয়ার পর তিনি পুরোপুরিভাবে নিজ ধর্ম চর্চায় মনোনিবেশ করেন। শিক্ষকতার পাশাপাশি নিজ এলাকায় ধর্মানুরাগী হিসেবে বেশ সমাদৃত ছিলেন তিনি। এছাড়াও চাঁদপুর সদর পূজা উদযাপন পরিষদের সাবেক সহ- সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) এর চাঁদপুর সদর সংসদ সভাপতি এবং সাহাতলী গীতা সংঘের অন্যতম প্রতিষ্ঠাতাসহ স্থানীয় আরো একাধিক ধর্মীয় প্রতিষ্ঠানে সক্রিয় ভূমিকায় দায়িত্ব পালন করেছেন।
সংসারজীবনে তিনি এক পুত্র ও দুই কন্যা সন্তানের জনক ছিলেন। পাশাপাশি স্ত্রী, নাতি-নাতনিসহ বহু আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে নিজ এলাকায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেনীর মানুষের মধ্যে শোক বিরাজ করছে। এছাড়া প্রয়াত দুলাল কৃষ্ণ ঘোষের প্রয়াণে তাঁর বিদোহী আত্মার শান্তি কামনা করে শোক ও শ্রদ্ধাঞ্জলি জানান চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষে আহবায়ক লক্ষন চন্দ্র সূত্রধর ও সদস্য সচিব মানিক লাল ঘোষ, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) এর চাঁদপুর সদর সংসদের পক্ষে জেলা সভাপতি ডা: বিধান চন্দ্র দাস ও সাধানর সম্পাদক বলাই চন্দ্র সরকারসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, সাহাতলী গীতা সংঘের পক্ষে কমিটির সকল সদস্যবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। তাছাড়া স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে শাহ্তলী বাজারের প্রবীণ ব্যবসায়ী স্বপন কুমার দত্ত, জয় ভক্ত, দুলাল চন্দ্র মাতাব্বর ও অর্পন ঘোষসহ আরো অনেকেই শোক ও শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও তাঁর দীর্ঘদিনের কর্মস্থল হামানকর্দ্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, সদস্যবৃন্দসহ শিক্ষক/শিক্ষার্থীরাও গবীর শোক জানান।
প্রয়াত দুলাল কৃষ্ণ ঘোষের শেষকৃত্যের বিষয়ে তাঁর
ভাতিজা দীপ্ত ঘোষের সাথে আলাপকালে জানা যায় তাদের পারিবারিক শ্মশান ঘাটে আজই অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।


