স্টাফ রিপোর্টার:
চাঁদপুর সদর উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার এডহক কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিতে এগিয়ে নিতে হবে। শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলাকে সরকার গুরুত্ব দিচ্ছে। শিক্ষকদের শিক্ষার্থীদের জন্য সময় দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষকরা যত বেশি সময় শিক্ষার্থীদের দেবেন, তাদের ফলাফল ও দক্ষতা তত ভালো হবে।
এমপি মানিক বলেন, যেসব শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল খারাপ হয়েছে, সেসব প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভালো ফলাফল করা প্রতিষ্ঠানের শিক্ষকদের অভিজ্ঞতা কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হবে। বিদ্যালয়গুলোর মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা থাকলে ফলাফল আরও ভালো হবে বলেও তিনি মন্তব্য করেন।
শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতিদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতি মাসে অন্তত একবার বিদ্যালয়ের পড়াশোনার বিষয়ে সভা করতে হবে। অভিভাবকদের নিয়ে নিয়মিত সভা আয়োজন করলে শিক্ষার্থীদের পড়ালেখায় ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি বিদ্যালয়ের আশপাশে খেলার মাঠ বা জায়গা থাকলে শিক্ষার্থীদের খেলাধুলার ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।
শিক্ষকদের উদ্দেশ্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, “কোনো শিক্ষক দয়া করে টিউশনি করবেন না। আপনারা বিদ্যালয়ে সময় দিন এবং শিক্ষার্থীদের প্রতি খেয়াল রাখুন।” শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করার কথা জানিয়ে তিনি বলেন, বদলির জন্য কেউ যেন তার কাছে না আসেন। গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমারের সভাপতিত্বে এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনির পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ, রামপুর আদর্শ আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাও. জসিম উদ্দিন পাটোয়ারী, মহামায়া হানাপিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কবির হোসেন রনি, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুকবুল হোসেন, আল-আমিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফরাক্কাবাদ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ফখরুল ইসলাম এবং গীতা থেকে পাঠ করেন রঘুনাথপুর হাজী এ করিম খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমর কৃষ্ণ শীল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজালাল মিশন, অ্যাডভোকেট মনিরা বেগম চৌধুরী, চাঁদপুর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সামছুল ইসলাম মন্টু, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদুর রহমান মাঝিসহ সদর উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার এডহক কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানরা।
আলোচনা শেষে অনুষ্ঠানে অংশ নেওয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন প্রধান অতিথি শেখ ফরিদ আহম্মেদ মানিকসহ অতিথিরা।


