শহরে ময়লার ভাগাড় মুক্তি মিলবে কবে

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ড এলাকায় গড়ে ওঠা একমাত্র ময়লা-আবর্জনার ডাম্পিং স্টেশনটি দ্রুত স্থানান্তরের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে অসহনীয় দুর্গন্ধ, মশা-মাছির উপদ্রব ও আবর্জনা পোড়ানোর বিষাক্ত ধোঁয়ার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে আশপাশের বাসিন্দাদের। তবে শহরের অদূরে উপযুক্ত জমি পাওয়া গেলেই ডাম্পিং স্টেশনটি স্থানান্তরের আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ।

সরেজমিনে দেখা যায়, চাঁদপুর পৌরসভার স্বর্ণখোলা রোডের বাসস্ট্যান্ড এলাকায় পৌরসভার নিজস্ব জমিতে শহরের সব ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এ স্থানটি একসময় ছিল অনেকটা জনশূন্য। সময়ের সঙ্গে এর চারপাশে গড়ে উঠেছে বহুতল ভবন, হাসপাতালসহ বিভিন্ন স্থাপনা এবং ঘনবসতি।

দিনের পর দিন ময়লা জমতে জমতে ডাম্পিং স্টেশনটি বড় আকার ধারণ করেছে। এতে পুরো এলাকায় ছড়িয়ে পড়ছে পচা-দুর্গন্ধ। বিশেষ করে বিভিন্ন সময় আবর্জনায় আগুন দেওয়ায় সৃষ্টি হচ্ছে কালো ধোঁয়া। এতে পরিবেশের পাশাপাশি স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের দাবি, এ দুর্ভোগের শিকার হচ্ছেন নবজাতক, শিক্ষার্থী, বয়স্ক নারী-পুরুষসহ আশপাশের প্রায় ১০ হাজার মানুষ। বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে আবর্জনা পচে দুর্গন্ধ আরও বেড়ে যায়। একই সঙ্গে বাড়ে মশা-মাছির উপদ্রব।

ভুক্তভোগী শারমিন আক্তার ও ফয়েজ আহমেদ বলেন, ‘ময়লার দুর্গন্ধে আমরা ঘরে-বাইরে কোথাও স্বস্তি পাই না। আমাদের সন্তানরাও প্রায়ই অসুস্থ থাকে। আমরা চাই, অবিলম্বে এই ময়লার ভাগাড়টি শহরের বাইরে সরিয়ে নেওয়া হোক।’

শহরের স্টেডিয়াম রোড এলাকার বাসিন্দা দেলোয়ার আহমেদ বলেন, প্রতিবছর শীত মৌসুমে ডাম্পিং স্টেশনের আবর্জনায় আগুন দেওয়া হলে এর ধোঁয়া আশপাশের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। অনেক সময় তীব্র দুর্গন্ধে স্বাভাবিকভাবে বসবাস করাও কঠিন হয়ে পড়ে। পৌর কর্তৃপক্ষের কাছে দ্রুত এ সমস্যার সমাধানের দাবি জানান তিনি।

স্থানীয়রা আরও জানান, স্বর্ণখোলা রোডের ডাম্পিং স্টেশনে বর্জ্য পোড়ানোর সময় সৃষ্ট ধোঁয়া ব্যাংক কলোনি রোড, স্টেডিয়াম রোড, বিপনিবাগ, প্রফেসরপাড়া ও দর্জিঘাটসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এতে এসব এলাকার বাসিন্দাদের স্বাস্থ্য ও পরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুর পৌরসভার পৌর প্রশাসক মোহাম্মদ এরশাদ উদ্দিন বলেন, ‘ইতোমধ্যে আধুনিক ডাম্পিং স্টেশন করার পরিকল্পনা রয়েছে। শহরের অদূরে উপযুক্ত জমি পাওয়া মাত্রই দ্রুত এই ডাম্পিং স্টেশনটি স্থানান্তর করা হবে।’

জনস্বাস্থ্য ও পরিবেশের সুরক্ষায় শহরের প্রাণকেন্দ্র থেকে ময়লার ভাগাড়টি দ্রুত সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন চাঁদপুরবাসী। পৌর কর্তৃপক্ষের দেওয়া আশ্বাস দ্রুত বাস্তবায়িত হবে—এমন প্রত্যাশাই এখন স্থানীয়দের।