শাহরাস্তিতে মিলাদুন্নবী উপলক্ষে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের শাহরাস্তিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ক্বিরাত, হামদ-নাত ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে চিতোষী সুলতানিয়া ফাজিল মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদ্রাসার অধ্যক্ষ মো. একরামুল হক মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি, মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. জহিরুল ইসলাম।

প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে গুণগত শিক্ষার কোনো বিকল্প নেই। শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও সৃজনশীলতা বৃদ্ধির দিকে গুরুত্ব দিতে হবে।

বক্তারা বলেন, গুণগত শিক্ষা নিশ্চিত করতে দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক, যুগোপযোগী পাঠ্যক্রম, পর্যাপ্ত শিক্ষা উপকরণ, প্রযুক্তির সঠিক ব্যবহার এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ প্রয়োজন। শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষা প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

মাদ্রাসার প্রভাষক মুক্তাদির হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম বিএসসি। এছাড়া বক্তব্য দেন মাদ্রাসার উপাধ্যক্ষ মোহাম্মদ আমিনুল হক আশরাফী, সহকারী অধ্যাপক মো. খোরশেদ আলম, সহকারী অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম, সহকারী শিক্ষক মোহাম্মদ সরোয়ার হোসেন ও সহকারী শিক্ষক মোহাম্মদ রবিউল হোসেনসহ অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ শাহাদাত হোসেন।

আলোচনা সভা শেষে ক্বিরাত, হামদ-নাত ও রচনা প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা। পরে দোয়া অনুষ্ঠিত হয়।