দৈনিক শপথে সংবাদ প্রকাশের পর– কোষাগারে জমা হলো অ্যান্টিভেনমের বরাদ্দের টাকা

স্টাফ রিপোর্টার:

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপেকাটা রোগীদের জন্য অ্যান্টিভেনম কিনতে বরাদ্দ দেওয়া ৩ লাখ টাকা নিয়ে প্রশ্ন ওঠার পর নতুন তথ্য সামনে এসেছে। দৈনিক শপথে ‘মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্স অ্যান্টিভেনমের বরাদ্দ ৩ লাখ টাকা উধাও’ শিরোনামে সংবাদ প্রকাশের পর তৎকালীন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান ১ লাখ ৮৩ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন বলে জানিয়েছেন বর্তমান কর্মকর্তা ডা. রাজন চন্দ্র দাস।

তবে বাকি ১ লাখ ১৭ হাজার টাকা নিয়ে এখনো রয়েছে প্রশ্ন। সাবেক কর্মকর্তা ডা. মাহবুবুর রহমানের দাবি, ওই অর্থ দিয়ে সাপে কাটা রোগীদের জন্য অ্যান্টিভেনম কেনা হয়েছে এবং এর ব্যয়ের হিসাব জমা দেওয়া হবে।

জানা গেছে, নদী ও চরাঞ্চলঘেরা মতলব উত্তরে সাপে কাটার ঘটনা বেশি হওয়ায় জরুরি চিকিৎসার জন্য ২০২৫ সালের অক্টোবরে উপজেলা পরিষদ থেকে অ্যান্টিভেনম কিনতে ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। তৎকালীন স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুবুর রহমানের নামে ২০২৫ সালের ১২ অক্টোবর চেকটি গ্রহণ করা হয়।

এর আগে বরাদ্দের অর্থ হাসপাতালে জমা না হওয়া এবং অ্যান্টিভেনম কেনার হিসাব নিয়ে অসংগতির অভিযোগ ওঠে। হাসপাতালের হিসাবরক্ষকের দাবি ছিল, তৎকালীন কর্মকর্তার নির্দেশে রানিং ক্যাশ থেকে অর্থ নিয়ে ৩০ ভায়াল অ্যান্টিভেনম কেনা হয়েছিল। এদিকে পুরো বিষয়টি খতিয়ে দেখতে প্রশাসনিক তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

ফলে এখন তদন্তে বেরিয়ে আসার অপেক্ষায়, ফেরত দেওয়া ১ লাখ ৮৩ হাজার টাকা কেন ফেরত দেওয়া হলো? এবং বাকি ১ লাখ ১৭ হাজার টাকা দিয়ে আদৌ অ্যান্টিভেনম কেনা হয়েছিল কি না?