মতলবে আগুনে পুড়লো দুই ভাইয়ের বসতঘর

স্টাফ রিপোর্টার:

মতলব দক্ষিণ উপজেলার উপাধি উত্তর ইউনিয়নের দক্ষিণ নগাও গ্রামের ঢালী বাড়িতে একই পরিবারের দুই ভাইয়ের দুইটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার সকাল সাড়ে ৮টায় ওই গ্রামের ফারুক ডালি ও জুয়েল ডালের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জুয়েল ঢালীর বসতঘর থেকে আগুনের ধুঁয়া বের হতে দেখে বাড়ির লোকজন ডাকচিৎকার শুরু করে। মুহুর্তের মধ্যেই পার্শ্ববর্তী তার ভাই ফারুক ঢালীর ঘরেও সেই আগুন ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা করেও দুটি ঘর রক্ষা করতে পারেনি। ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে দুটি ঘর ও ঘরে থাকা সকল আসবাবপত্র এবং পরনের বস্ত্র ছাড়া সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়।

মোরশেদ নামে স্থানীয় বাসিন্দা বলেন, মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ১৫/২০ মিনিটের মধ্যে তাদের একটি ইউনিট এসে আগুন নিভানোর চেষ্টা করেও জুয়েল ও ফারুক ঢালীর ঘর দুটি রক্ষা করতে পারেনি। তবে পাশে থাকা আলম ঢালী ও মিজান ঢালীর দুটি বসতঘর আগুনের হাত রক্ষা করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

আগুনে পুড়ে ছাই হওয়া জুয়েল ঢালী ও তার ভাই ফারুক ঢালী হতদরিদ্র পরিবারের সন্তান। একভাই মিস্ত্রি কাজ করে, আরেক ভাই এলাকায় ছোট একটি চায়ের দোকান রয়েছে। বর্তমানে তার খোলা আকাশের নীচে বসে আহাজারি করছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে খোঁজখবর নিয়েছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম।

জুয়েল ঢালী ও ফারুক ঢালী বলেন, আগুনে তাদের পরনের কাপর ছাড়া কিছুই রক্ষা করতে পারেনি। প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে প্রাথমিক ধারণা তাদের।

ফায়ার সার্ভিসের মতলব দক্ষিণ উপজেলার স্টেশন অফিসার মেহেদী হাসান বলেন, আমরা খবর পাওয়ার ১৫ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে ছুটে যাই এবং স্থানীয় এলাকাবাসীর সহায়তায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে। দুটি বসতঘর আমরা যাওয়ার আগেই পুড়ে গেছে। তবে পাশে থাকা আরো দুটি বসতঘর আগুনের হাত থেকে রক্ষা করতে সক্ষম হয়েছি।