স্টাফ রিপোর্টার:
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে শাহরাস্তি মডেল থানার উদ্যোগে চিতোষী পূর্ব ইউনিয়নের চিতোষী ডিগ্রি কলেজ ও আশপাশের এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান।
র্যালিতে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক গৌতম চন্দ্র হালদারসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে চিতোষী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় মাদকের ভয়াবহতা, মাদক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদক ব্যবসার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, মাদক সমাজের জন্য একটি বড় হুমকি। তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী এবং সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।


