স্টাফ রিপোর্টার:
নজরুল বর্ষ উপলক্ষে চাঁদপুর থিয়েটার ফোরামের আয়োজনে ১০ দিনব্যাপী নাট্যোৎসবের সফল সমাপ্তি হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান, শুভেচ্ছা পর্ব ও রাতে নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে উৎসবের সমাপ্তি হয়।
বুধবার বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত শুভেচ্ছা পর্বের আলোচনা সভায় চাঁদপুর থিয়েটার ফোরামের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কামাল বায়েজিদ, রফিকউল্লাহ সেলিম ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট মুনিরা বেগম।
অনুষ্ঠানে চাঁদপুরের গুণী নাট্যশিল্পী মো. হানিফ পাটোয়ারী ও আক্রাম খানকে সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়। বিকেলে রূপালী চম্পকের সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় সপ্তসুর সংগীত একাডেমির শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
রাতে নাটক মঞ্চায়ন শেষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। পরে তিনি ১০ দিনব্যাপী নাট্যোৎসবে অংশগ্রহণকারী বিভিন্ন নাট্য সংগঠনের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন।
উৎসবের শেষ পর্বে চাঁদপুরের মৌলিক সমস্যা নিয়ে সচেতনতামূলক নাটক ‘জলরূপালী’ মঞ্চস্থ করে অনন্যা নাট্যগোষ্ঠী। নাটকটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এর মধ্য দিয়ে শেষ হয় চাঁদপুর থিয়েটার ফোরামের ১০ দিনব্যাপী এই নাট্যোৎসব।


