স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় রাতের আঁধারে ড্রেজার বসিয়ে ডাকাতিয়া নদী ও ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে। উপজেলার বিভিন্ন স্থানে প্রশাসনের নজরদারির মধ্যেই এসব কার্যক্রম চলছে বলে অভিযোগ স্থানীয়দের।
জানা গেছে, উপজেলার ১৪ নং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চরপোঁয়া-রনাতলী এলাকায়, গোলাপ সর্দারের বাড়ির সামনে ডাকাতিয়া নদী থেকে রাতের আঁধারে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করা হচ্ছে। এতে নদীর তীরবর্তী এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা।
অন্যদিকে, ফরিদগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের চরকুমিরা এলাকায় বোরহান উদ্দিন হাজী বাড়ি ও গাজী বাড়ির সামনে অবৈধ ড্রেজার দিয়ে ফসলি জমি ও মৎস্যঝিল থেকে মাটি উত্তোলনের অভিযোগ রয়েছে। স্থানীয়দের আশঙ্কা, এতে আশপাশের জমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি তীরবর্তী প্রায় ২০টি পরিবারের বসতঘর ভাঙনের ঝুঁকিতে পড়তে পারে।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যে অভিযান চালিয়ে ড্রেজার বন্ধ করা হলেও পরবর্তীতে আবারও একইভাবে মাটি উত্তোলন শুরু হয়। তাদের দাবি, প্রশাসন দ্রুত ও কঠোর ব্যবস্থা নিলে অবৈধ মাটি উত্তোলনকারী এসব সিন্ডিকেট এ ধরনের কর্মকাণ্ড চালানোর সাহস পাবে না।
এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেতু কুমার বড়ুয়া বলেন, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট সহকারী ভূমি কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে এবং দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, শুধু ড্রেজার বন্ধ নয়, অবৈধভাবে মাটি উত্তোলনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হলে নদী, ফসলি জমি ও বসতবাড়ি রক্ষা করা সম্ভব হবে।


