ফরিদগঞ্জে ডাকাতিয়া নদী ও ফসলি জমিতে অবৈধ ড্রেজারের দাপট


স্টাফ রিপোর্টার:

‎চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় রাতের আঁধারে ড্রেজার বসিয়ে ডাকাতিয়া নদী ও ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে। উপজেলার বিভিন্ন স্থানে প্রশাসনের নজরদারির মধ্যেই এসব কার্যক্রম চলছে বলে অভিযোগ স্থানীয়দের।

‎জানা গেছে, উপজেলার ১৪ নং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চরপোঁয়া-রনাতলী এলাকায়, গোলাপ সর্দারের বাড়ির সামনে ডাকাতিয়া নদী থেকে রাতের আঁধারে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করা হচ্ছে। এতে নদীর তীরবর্তী এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা।

‎অন্যদিকে, ফরিদগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের চরকুমিরা এলাকায় বোরহান উদ্দিন হাজী বাড়ি ও গাজী বাড়ির সামনে অবৈধ ড্রেজার দিয়ে ফসলি জমি ও মৎস্যঝিল থেকে মাটি উত্তোলনের অভিযোগ রয়েছে। স্থানীয়দের আশঙ্কা, এতে আশপাশের জমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি তীরবর্তী প্রায় ২০টি পরিবারের বসতঘর ভাঙনের ঝুঁকিতে পড়তে পারে।

‎স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যে অভিযান চালিয়ে ড্রেজার বন্ধ করা হলেও পরবর্তীতে আবারও একইভাবে মাটি উত্তোলন শুরু হয়। তাদের দাবি, প্রশাসন দ্রুত ও কঠোর ব্যবস্থা নিলে অবৈধ মাটি উত্তোলনকারী এসব সিন্ডিকেট এ ধরনের কর্মকাণ্ড চালানোর সাহস পাবে না।

‎এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেতু কুমার বড়ুয়া বলেন, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট সহকারী ভূমি কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে এবং দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

‎স্থানীয়দের দাবি, শুধু ড্রেজার বন্ধ নয়, অবৈধভাবে মাটি উত্তোলনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হলে নদী, ফসলি জমি ও বসতবাড়ি রক্ষা করা সম্ভব হবে।