স্টাফ রিপোর্টার:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের নবনিযুক্ত চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি খোন্দকার মোরতাজুল করিম বাদরু।
সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন প্রতিষ্ঠার পেছনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান ও উদ্যোগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। ২০০৪ সালে তার সরকারের সময় প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য ছিল দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলা এবং দেশের প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করা।
এ সময় দেশ ও জনগণের কল্যাণ, দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনকে আরও কার্যকর ও জনবান্ধব করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, নবনিযুক্ত চেয়ারম্যান খোন্দকার মোরতাজুল করিম বাদরুর অভিজ্ঞতা, মেধা ও নেতৃত্বে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন তার মূল লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আরও শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম হবে।
তিনি মানুষের কল্যাণে, দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে এবং একটি স্বাবলম্বী সমাজ বিনির্মাণে খোন্দকার মোরতাজুল করিম বাদরুর নতুন দায়িত্বের সফলতা কামনা করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।


