স্টাফ রিপোর্টার:
মতলব উত্তর উপজেলায় বেপরোয়া গতির ট্রলির ধাক্কায় ফারিয়া নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার ছেংগারচর বাজারের সুরুজ প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের প্রবাসী কাউসারের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মায়ের সঙ্গে ছেংগারচর বাজারে যাওয়ার সময় রাস্তার পাশে হাঁটছিল ফারিয়া। এ সময় দ্রুতগতির একটি ট্রলি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় দুর্ঘটনাকবলিত ট্রলিটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


