চাঁদপুরে ২ কেজি গাঁজা উদ্ধার , মা-ছেলে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

চাঁদপুর লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে চাঁদপুর সদর নৌ থানা পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসআই সুফল চন্দ্র সিংহের নেতৃত্বে পুলিশের একটি দল তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে দুই কেজি গাঁজা জব্দ করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—কুমিল্লার লাকসাম থানার মিশ্রি গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে মো. আব্দুল করিম (২৮) এবং তার মা রাহিমা বেগম (৫০)। তারা সম্পর্কে মা ও ছেলে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, কুমিল্লার বুড়িচং এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে চাঁদপুর হয়ে ঢাকার সদরঘাটে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তারা এসেছিল।

এদিকে জব্দ করা গাঁজার উৎস, সরবরাহকারী ও পরিবহনের সঙ্গে জড়িতদের শনাক্তে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করছে পুলিশ। একই সঙ্গে মাদক চালানের সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র বা সিন্ডিকেট জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

চাঁদপুর সদর নৌ থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের অবৈধ পরিবহন ও সরবরাহের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা।