চাঁদপুর রেলওয়ে কোর্ট স্টেশন প্ল্যাটফর্মে হকার উচ্ছেদ

স্টাফ রিপোর্টার

চাঁদপুর শহরের ব্যস্ততম এলাকা কোর্ট স্টেশন রেলওয়ে প্ল্যাটফর্ম। দীর্ঘদিন ধরে প্ল্যাটফর্মটি ভ্রাম্যমাণ হকার ও বিভিন্ন ব্যবসায়ীর দখলে থাকায় দুর্ভোগ পোহাচ্ছিলেন ট্রেনযাত্রীরা। এ নিয়ে স্থানীয় পত্রিকায় একাধিকবার সংবাদ প্রকাশের পর অবশেষে অভিযান চালিয়ে হকারদের উচ্ছেদ করেছে রেলওয়ে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদপুর কোর্ট স্টেশন রেলওয়ে প্ল্যাটফর্মে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। চাঁদপুর রেলওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জের নির্দেশে বড় স্টেশন রেলওয়ে স্টেশন মাস্টার মারুফ হোসেনের নেতৃত্বে রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে কোর্ট স্টেশনের পশ্চিম পাশের প্ল্যাটফর্মে বসা মাছের বাজারসহ বিভিন্ন ব্যবসায়ীকে সতর্ক করে সেখান থেকে উচ্ছেদ করা হয়। একই সঙ্গে প্ল্যাটফর্মে বসা ভ্রাম্যমাণ হকারদেরও সরিয়ে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কোর্ট স্টেশন রেলওয়ে প্ল্যাটফর্মের বিভিন্ন অংশ দখল করে ভ্রাম্যমাণ হকাররা পসরা সাজিয়ে অবৈধভাবে ব্যবসা করে আসছিলেন। বিশেষ করে প্রতিদিন বিকেলের দিকে বিভিন্ন ধরনের হকার এসে প্ল্যাটফর্মের সামনের অংশ দখল করে নেন। এর মধ্যে ঝালমুড়ি ও ঝাল-বুট বিক্রেতা, গেঞ্জি বিক্রেতা, ইলেকট্রিক সামগ্রীসহ বিভিন্ন পণ্যের হকার রয়েছেন।

এতে প্ল্যাটফর্মে চলাচলের জায়গা সংকুচিত হয়ে পড়ায় ট্রেনযাত্রীদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। পাশাপাশি ট্রেন আসা-যাওয়ার সময় যাত্রীদের নিরাপত্তা নিয়েও শঙ্কা তৈরি হচ্ছিল।

স্টেশনের পরিবেশ সুন্দর ও যাত্রীবান্ধব রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। রেলওয়ে কর্তৃপক্ষের এ অভিযানে প্ল্যাটফর্মের দখলমুক্ত পরিবেশ ফিরে আসায় স্বস্তি প্রকাশ করেছেন ট্রেনযাত্রীরাও।