স্টাফ রিপোর্টার
হাজীগঞ্জের বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাসান মিয়াজী। তিনি উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকল্পে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে প্রধান শিক্ষকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি সভাপতি নির্বাচিত হন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনের উপস্থাপনায় সভায় অভিভাবক সদস্য হাসান মাহমুদের প্রস্তাবনায় ও মো. বিল্লাল হোসেনের সমর্থনে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে একক প্রার্থী হিসেবে মোহাম্মদ হাসান মিয়াজী সভাপতি নির্বাচিত হন।
সভাপতি নির্বাচন শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সফলতা কামনায় দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাও. মো. আনোয়ার হোসেন।
এসময় অভিভাবক সদস্য মোঃ কবির হোসেন, মো. মনির হোসেন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হালিমা খাতুন, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ ইমান হোসেন, মোঃ ইয়াকুব আলী, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি জোবেদা আক্তার উপস্থিত ছিলেন।


