স্টাফ রিপোর্টার
দেশব্যাপী ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফরিদগঞ্জ উপজেলার আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের নিজস্ব উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ পরিচ্ছন্নতা অভিযানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লোকমান হোসেন, সহকারী প্রধান শিক্ষক অর্জ্জুন কর্মকারসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অভিযানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, আঙিনা ও আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিস্কার করা হয়। একই সঙ্গে ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন করা হয়।
বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে এগিয়ে আসতে হবে। নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখলে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা সম্ভব।
বিদ্যালয়ের এমন উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচালিত এ ধরনের কার্যক্রম বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সমাজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


