কচুয়ায় সিএনজি চালক সংগঠনের নতুন কমিটি

স্টাফ রিপোর্টার

চাঁদপুরের কচুয়ায় কচুয়া-কালিয়াপাড়া সিএনজি মালিক ও শ্রমিক সংগঠনের পুরোনো কমিটি বিলুপ্ত করে শ্রমিকদের ঐকমত্যের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়েছে। একই অনুষ্ঠানে অসহায় দুই সিএনজি চালককে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কচুয়া ডাকবাংলো মোড়ে আয়োজিত সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম।

নতুন কমিটিতে মোঃ জসিম উদ্দিনকে সভাপতি এবং মোঃ শহীদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহজাহান ও খলিলুর রহমান। সহসভাপতি পদে রয়েছেন মনির, সুমন, বাবলু ও মানিক।

সহসাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীর হোসেন, কবির হোসেন ও মোঃ রুবেল। উপদেষ্টা হিসেবে রয়েছেন আলী মিয়া ও আবু সুফিয়ানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে অসহায় দুই সিএনজি চালক মোঃ দুলাল ও মোঃ মমিন মিয়াকে নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, অসহায় ও বিপদগ্রস্ত চালকদের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে আরও কয়েকজন চালককে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও চালকদের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সব সদস্যের ঐক্য, শৃঙ্খলা ও কল্যাণ নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।